নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পূর্ব সানারপাড় এলাকায় ক্রয়কৃত ৭৫ শতাংশ জমি জোরপূর্বক দখল, নামীয় সাইনবোর্ড টাঙানো এবং ১ কোটি ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
গত (১৮ অক্টোবর) দুপুরে সানারপাড় সোনামিয়া মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী মোঃ শাহ জাহান বাচ্চু (৬০) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার পূর্ব সানারপাড় সোনামিয়া মার্কেট এলাকায় সি.এস ও এস.এ-২৮, আর.এস-৫২ দাগের ৩৬ শতাংশ এবং সি.এস ও এস.এ-২৯, আর.এস-৫১ দাগের ৩৯ শতাংশ—মোট ৭৫ শতাংশ জমি বিগত তিন বছর আগে ক্রয় করেন মোঃ শাহ জাহান বাচ্চু ও তাঁর ৯ জন সহযোগী। ক্রয়সূত্রে মালিক হয়ে তারা চারপাশে সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।
অভিযোগে উল্লেখ করা হয়, এলাকার চিহ্নিত কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে উক্ত জমিটি ওয়ারিশসূত্রে দাবি করে দখলের পাঁয়তারা চালিয়ে আসছিল। ক্রয় সূত্রে জমির মালিকগণ বাধা দিলে বিবাদীরা তাদের কাছে ১ কোটি ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে বিভিন্ন সময় খুন-জখমের হুমকি দেয়।
গত ১৮ অক্টোবর ১২টার দিকে আতাউর রহমান সরকার, মাঈনুল ইসলাম, সামছুদ্দিনসহ অভিযুক্ত ৩৪ জন ও অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন বেআইনিভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উক্ত জমিতে অনধিকার প্রবেশ করে।
তারা জমিটি দখলের উদ্দেশ্যে সেখানে নিজেদের নামীয় সাইনবোর্ড টাঙিয়ে দেয়।
সংবাদ পেয়ে জমির মালিকেরা ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে অভিযুক্তরা পুনরায় ১ কোটি ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং গালিগালাজ শুরু করে। একপর্যায়ে বিবাদীরা উপস্থিত জমির মালিকদের মারধর করতে উদ্যত হয়।
পরে চাঁদা না দিয়ে জমিতে কোনো প্রকার নির্মাণ কাজ করলে বা আইনগত ব্যবস্থা নিলে মিথ্যা মামলায় হয়রানিসহ সুযোগ বুঝে খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে ভুক্তভোগী মোঃ শাহ জাহান বাচ্চু বলেন, আমরা বৈধভাবে জমি ক্রয় করে সীমানা প্রাচীর দিয়ে ভোগদখল করছি। কিন্তু অভিযুক্তরা বেআইনিভাবে জমি দখলের চক্রান্ত করছে এবং আমাদের কাছে বিপুল অংকের চাঁদা দাবি করছে। টাকা না দিলে আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
অভিযুক্ত আতাউর রহমান সরকার বলেন,আমি অসুস্থ মানুষ আমি তো ঐ জায়গাতেই যায়নি যারা ওয়ারিশ সূত্রে মালিক তারাই সাইনবোর্ড টানিয়েছে। চাঁদা দাবির বিষয়টি সঠিক নয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, জমি সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
https://slotbet.online/